যশোরের অভয়নগরে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন ও মাদক সরবরাহের অভিযোগে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে এ সাজা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এবং সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
সাজাপ্রাপ্তরা হলেন— মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম (২৪), অভয়নগরের মহাকাল গ্রামের সুজাত বেগের ছেলে মাহমুদুল হাসান (৩০), ভাঙ্গাগেট মশরহাটি গ্রামের ফারুক মোড়লের ছেলে সাজ্জাদ হোসেন (৩০), একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩৯), মুনতাজের ছেলে সাজিদুল (২২) এবং মালাধারা গ্রামের শামীম শিকদারের ছেলে শাকিল (২০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের দায়ে নাহিদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মাহমুদুল হাসান ও সাজ্জাদ হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে জাহিদুল ইসলাম ও সাজিদুলকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে মাদক সরবরাহের অভিযোগে শাকিলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”