ডিএমপির নতুন কমিশনার হচ্ছেন সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ, বিপিএম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হতে যাচ্ছেন। এ সংক্রান্ত সারসংক্ষেপ সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, ডিএমপির নতুন কমিশনার নিয়োগে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বিসিএস ১৫তম ব্যাচের অতিরিক্ত আইজিপিদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে মোসলেহ উদ্দিন আহমেদকে চূড়ান্ত করেছেন। মঙ্গলবার সকালেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

তবে মোসলেহ উদ্দিন আহমেদকে ডিএমপি কমিশনার হিসেবে মনোনীত করা হলেও সিআইডি প্রধান হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

উল্লেখ্য, প্রায় দুই মাস ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদটি শূন্য রয়েছে। বর্তমানে অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরেই ডিএমপির নতুন কমিশনার নিয়োগ নিয়ে নানা আলোচনা চলছিল।

মোসলেহ উদ্দিন আহমেদ পুলিশের ১৫তম ব্যাচের বর্তমানে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা এবং অতিরিক্ত আইজিপি পদে কর্মরত আছেন। বর্তমান আইজিপি আলী হোসেন ফকিরও একই ব্যাচের কর্মকর্তা।

বর্তমানে তিনি সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) পদেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ বিভাগে তিনি একজন সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত সরকারের আমলে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকলেও গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তাকে প্রথমে ডিআইজি এবং পরে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত