গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে রামদা, চাকু, ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪-৫ জন পালিয়ে যায়।
মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিটে কালিয়াকৈর থানাধীন চন্দ্রা কাঁচাবাজারের পূর্বপাশের জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— দেলোয়ার ওরফে দেলু (৩৭), হাফিজ উদ্দিন হাইদু (২৬), সুজন সিকদার (৩৫), মারুফ ইসলাম (২৩), শান্ত ইসলাম (২৩), মো. জুম্মন (২৫) ও মো. জহিরুল ইসলাম (৩৫)। তাদের অধিকাংশের বাড়ি কালিয়াকৈরের রতনপুর এলাকায়।
কালিয়াকৈর মডেল থানার ওসি শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ১০-১২ জনের একটি ডাকাত দল চন্দ্রা কাঁচাবাজার সংলগ্ন জঙ্গলে অবস্থান নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এসময় ৭ জনকে হাতেনাতে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রামদা, ৩টি চাকু, ২টি ছোরা, ১টি করাত ও ১টি লোহার রড উদ্ধার করা হয়েছে। পরে কালিয়াকৈর থানা প্রাঙ্গণে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের নিয়ে প্রেস ব্রিফিং করা হয়।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে দস্যুতা প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঈদকে সামনে রেখে মহাসড়ক ও বাইপাস এলাকায় ডাকাতি প্রতিরোধে রাত্রীকালীন টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, চন্দ্রা-নবীনগর মহাসড়কে গত এক মাসে অন্তত তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের এ অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।