অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সপ্তাহ-২০২৬ এ দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে “ক” গ্রুপে সারা দেশে প্রথম স্থান এবং মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে একই গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
সোমবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের কাছ থেকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।
চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতে জেলার পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলেই এ গৌরবোজ্জ্বল অর্জন সম্ভব হয়েছে।
এ অর্জনে চট্টগ্রাম জেলা পুলিশের সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার মো. মাসুদ আলম। পাশাপাশি ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।