সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার ভোররাতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক জাহিদুল ইসলাম (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র নেতৃত্ব দিয়ে সুন্দরবনে ডাকাতি, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তা লে. ইকরা মোহাম্মদ নাসিফ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে।
তিনি জানান, কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিসসংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান চালিয়ে মেজ জাহাঙ্গীরকে আটক করেন।
তিনি আরও জানান, আটক বনদস্যুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।