দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাবা ও ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ মে) সকাল ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে কাবিল (৩২)।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের দুই স্ত্রী ছিলেন। দীর্ঘদিন ধরে দুই স্ত্রীর সন্তানদের মধ্যে জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কাটার পর জমি সমানভাবে ভাগ করে দেন শহিদুল ইসলাম। তবে কিছুদিন ধরে ছোট স্ত্রীর দুই ছেলে সাকিব (১৮) ও সাদিকুল (৩০) ভুট্টা ফসলের সমান ভাগ দাবি করে আসছিলেন।
মঙ্গলবার ভোরে ভুট্টাখেতে এ বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাকিব ও সাদিকুল লোহার রড দিয়ে বাবা শহিদুল ইসলাম ও তাদের ভাই কাবিলকে আঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই শহিদুল ইসলামের মৃত্যু হয়।
স্থানীয়রা গুরুতর আহত কাবিলকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মাহমুদুন নবী বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।