তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর নীতিনির্ধারণের লক্ষ্যে “তামাকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের সুরক্ষায় তামাকজাত দ্রব্যে কর বৃদ্ধির প্রয়োজনীয়তা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। অনুষ্ঠানটি আয়োজন করে নারী মৈত্রী।
আলোচনায় ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বলেন, তামাকপণ্যের সহজলভ্যতা ও কম দাম তরুণদের ধূমপান ও তামাক ব্যবহারের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
তিনি আরও বলেন, তামাক ব্যবহারের কারণে হৃদরোগ, ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে এবং জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের ওপর এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তামাক কোম্পানিগুলো নানা কৌশলে তরুণদের লক্ষ্য করে তাদের ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে।
ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি জোর দিয়ে বলেন, তামাকপণ্যের ওপর কার্যকর কর বৃদ্ধি ও মূল্য বৃদ্ধি এখন সময়ের দাবি। এতে তামাক ব্যবহার কমিয়ে তরুণদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
আসন্ন বাজেটে তামাকপণ্যের ওপর কার্যকর কর বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি জনস্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।