বরগুনার আমতলী উপজেলায় চোরাই একটি গাভীন গরু ও একটি এঁড়ে বাছুর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. আমিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চাওড়া-লোদা গ্রামের আ. সোবহান গত ২০ এপ্রিল তার গোয়ালঘর থেকে একটি গাভীন গরু চুরি হওয়ার অভিযোগে আমতলী থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে সন্দেহভাজন আমিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাতে তালতলী থানার একটি এলাকা থেকে চোরাই গরু ও একটি এঁড়ে বাছুর উদ্ধার করা হয়।
এদিকে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, গ্রেফতারকৃত আমিরুল ইসলাম গত ৫ মে সিএনজি চালক পরিচয়ে আমতলী পৌর শ্রমিক দলের সভাপতির বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় মিল্টন হাওলাদার ও সুমন নামে দুজন বর্তমানে জেলহাজতে রয়েছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাচনাইন পারভেজ জানান, এ ঘটনায় থানায় মামলা (নং-২০, তারিখ: ১১ মে ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আমিরুল ইসলামকে মঙ্গলবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।