নিকলীতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় উৎসবমুখর পরিবেশে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম-২০২৬ মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রান্তিক কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত ও খাদ্য নিরাপত্তা জোরদারে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

মঙ্গলবার নিকলী উপজেলা খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রেহেনা মজুমদার মুক্তি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নিকলী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নিয়াজ আহম্মেদ হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সালাম।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও রেহেনা মজুমদার মুক্তি বলেন, “প্রকৃত কৃষকরা যাতে কোনো মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই সরাসরি সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন, সে বিষয়ে প্রশাসন বদ্ধপরিকর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”

অনুষ্ঠানে জানানো হয়, সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি মণ ধান ১ হাজার ৪৪০ টাকা দরে কেনা হচ্ছে। তালিকাভুক্ত একজন কৃষক সর্বোচ্চ তিন মেট্রিক টন পর্যন্ত ধান সরকারি গুদামে সরবরাহ করতে পারবেন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সালাম কৃষকদের ধানের মান ঠিক রেখে গুদামে সরবরাহ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খাদ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত আগামী কয়েক মাস এই সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত