যশোরে বিজিবির বিশেষ অভিযানে ২৬টি সোনার বারসহ তিনজন পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৪৮ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকা।
বৃহস্পতিবার ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, ভারত সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল দল নীলগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেয়। ভোর সাড়ে ৪টার দিকে নড়াইল থেকে যশোরগামী একটি সাদা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২২-৭৯৩০) থামার সংকেত দিলে সেটিতে তল্লাশি চালানো হয়। পরে সিটের পেছনের হেডরেস্ট ও কুশনের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৬টি সোনার বার উদ্ধার করা হয়।
আটক পাচারকারীরা হলেন শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের আব্দুল গনি (৫৪) এবং যশোর সদরের বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, “আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ভারতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।”
তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণ, প্রাইভেট কারসহ অন্যান্য মালামালের মোট মূল্য ৬ কোটি টাকারও বেশি।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।