রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। পরে আরও কয়েকটি ইউনিট যোগ দিলে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।