আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে এবার মোট ২৮টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এর মধ্যে গাবতলীর স্থায়ী হাটসহ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৬টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১২টি হাট বসবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, পশুর হাটগুলোর ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, “আমরা লুকোচুরি করে কোনো হাট দিই না। টেন্ডারের মাধ্যমে ওপেন প্রক্রিয়ায় ইজারা দেওয়া হয়। সবাই অংশ নেয় এবং সবার সামনে খোলা হয়। আপিলের সুযোগও থাকে, পরে নিয়ম অনুযায়ী ফাইল প্রসেস করে ইজারা সম্পন্ন করা হয়।”
তিনি জানান, উত্তর সিটির ১৬টি হাটের মধ্যে ইতোমধ্যে ১০টির ইজারা সম্পন্ন হয়েছে। বাকি ৫টি হাটের ইজারা আগামী সোমবার চূড়ান্ত করা হবে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, তাদের ১২টি অস্থায়ী হাটের ইজারাও ওপেন টেন্ডারের মাধ্যমে সম্পন্ন হয়েছে। কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, “নির্দিষ্ট সময়ের আগে কোথাও হাট বসতে পারবে না। প্রতিটি হাটের জন্য নির্ধারিত সীমানা টেনে দেওয়া হবে। এর বাইরে কেউ হাট বসালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সিটি করপোরেশনগুলো জানিয়েছে, ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আলাদা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।