রাজধানীর ইডেন মহিলা কলেজ শনিবার গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে আন্দোলনে নামা একদল শিক্ষার্থী কলেজের প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় গেটে টাঙানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ইডেন কলেজ ও প্রস্তাবিত হজরত রাবেয়া বসরি ছাত্রীনিবাস–এর শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে।
বিক্ষোভকারীরা কলেজের বিভিন্ন গেটের সামনে অবস্থান নেন এবং কয়েকটি গেট ভাঙারও চেষ্টা করেন।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম ও দলীয় প্রভাব বন্ধের দাবি জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
শিক্ষার্থীরা জানান, তারা একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ চান, যেখানে কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব থাকবে না। এ কারণে তারা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ নিশ্চিত করার আহ্বান জানান।
এর আগে শনিবার সন্ধ্যায় কলেজ গেটের সামনে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রং দিয়ে মুছে ফেলার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত গভীর হলে একদল শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তবে এ ঘটনায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।