সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা রক্ষা ও রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশাল সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও জাতীয় সাংবাদিক সংস্থা।
কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত হাজার হাজার সাংবাদিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জাতীয় প্রেস ক্লাব এলাকায় এ সময় সাংবাদিকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএসএফের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক সৈয়দ খাইরুল ইসলাম। এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলার সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— সরকারিভাবে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও আইডি নম্বর প্রদান, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন, নবম ওয়েজ বোর্ড অনুযায়ী জেলা ও উপজেলা প্রতিনিধিদের বেতন-ভাতা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনকালে নির্যাতিত সাংবাদিকদের আইনি ব্যয় সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের বহন এবং ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনসহ তদন্তের আগে সাংবাদিকদের গ্রেপ্তার না করা।
বক্তারা বলেন, “সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করলেও আজ তারা নানাভাবে অবহেলিত ও নির্যাতনের শিকার হচ্ছেন। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করতে হচ্ছে।”
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে ১৪ দফা দাবি বাস্তবায়ন না হলে সারা দেশের সাংবাদিকদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন’ ও ‘সাংবাদিকদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নিপাত যাক’—এমন বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।