ধর্ষণচেষ্টার অভিযোগে বিক্ষোভে ফুঁসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বহিরাগত যুবক কর্তৃক ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ ও আন্দোলন চালিয়ে গেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা টারজান এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মেয়েদের আবাসিক হলসংলগ্ন সড়ক ও চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে প্রক্টরের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে বারবার নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। মঙ্গলবার রাতে সংঘটিত ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির দায়িত্বহীনতার অভিযোগ তুলে প্রক্টর ও সংশ্লিষ্ট সদস্যদের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিও তোলেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পর রাত পর্যন্ত প্রশাসনের শীর্ষ পর্যায়ের কোনো প্রতিনিধিকে ঘটনাস্থলে দেখা যায়নি। এতে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে।

আন্দোলনকারীরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ সময়ের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

রাত সাড়ে ১১টা পর্যন্ত ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও আন্দোলন অব্যাহত ছিল।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত