ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রাজু আহমেদ জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্যপদ লাভ করেছেন।
মঙ্গলবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি নতুন সদস্যদের তালিকা প্রকাশ করলে এতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
জাতীয় প্রেসক্লাব সূত্রে জানা গেছে, এবারে মোট ৪৪১ জন সাংবাদিককে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এসব সদস্য নির্বাচন করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া স্বাক্ষরিত সদস্য তালিকা ইতোমধ্যে ক্লাবের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে।
সদস্যপদ লাভের প্রতিক্রিয়ায় সাংবাদিক রাজু আহমেদ বলেন, “জাতীয় প্রেসক্লাবের সদস্য হতে পারা আমার সাংবাদিকতা জীবনের একটি গর্বের অর্জন। আমি সবসময় বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছি। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাগত দায়িত্ব পালন করে যেতে চাই।”
তালিকা প্রকাশের পর নতুন স্থায়ী সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়। সাংবাদিক মহলেও বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।
সাংবাদিক রাজু আহমেদের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ লাভে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।