শপথ গ্রহণের পর এই প্রথম নিজ এলাকায় এসে নেতাকর্মী ও সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা এবং সংবর্ধনায় সিক্ত হলেন পাবনা-সিরাজগঞ্জ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় পাবনার চাটমোহর পৌর শহরের বালুচর খেলার মাঠে পাবনা-৩ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে সংবর্ধনা জানান। এ সময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের দোয়া ও ভালোবাসাতেই আজকের অবস্থানে আসতে পেরেছি। আপনাদের জন্যই আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আমি আপনাদের সঙ্গে থাকতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই।”
তিনি বলেন, দীর্ঘদিন ধরে পাবনা-৩ এলাকার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরকে অবহেলিত হতে দেখেছেন। এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আপনারা শুধু জানাবেন কোথায় কী উন্নয়ন প্রয়োজন, কোথায় সমস্যা রয়েছে। ইনশা আল্লাহ, আপনাদের হাত ধরেই এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
এমপি রুমা আরও বলেন, “যতদিন এই এলাকায় উন্নয়নের ছোঁয়া দিতে না পারবো, ততদিন মাঠে-ময়দানে, গ্রাম-গঞ্জে আপনাদের পাশে থাকতে চাই। আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন—সেই হিসেবেই আমাকে দেখবেন।”
তিনি বলেন, “আমি কোথায় গেছি বা কতদূর উঠেছি সেটা বড় বিষয় নয়। আমার পরিচয় একটাই—আমি এই এলাকার সন্তান। রাজনীতিতে আমার পথচলা নতুন, আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই আগামী দিনে এগিয়ে যেতে চাই।”
এর আগে বিকেল ৫টার দিকে ঢাকা থেকে সড়কপথে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। পরে বাদ্যযন্ত্র ও মোটরসাইকেল শোভাযাত্রাসহ স্লোগানে স্লোগানে তাকে চাটমোহরের সংবর্ধনাস্থলে নিয়ে যাওয়া হয়।
পথিমধ্যে বিভিন্ন স্থানে এলাকাবাসীর শুভেচ্ছা গ্রহণ করেন এমপি রুমা। চাটমোহর পৌর শহরের দোলং মহল্লায় পৌঁছালে স্থানীয়রা ফুলের পাঁপড়ি ছিটিয়ে তাকে বরণ করেন এবং মিষ্টিমুখ করান। এ সময় ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানান তিনি।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বকু, সদস্য সচিব আব্দুল হাকিম, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, সাবেক ভিপি সেলিম রেজা, বিএনপি নেতা রবিউল করিম তারেক, অধ্যক্ষ এম এ মাহমুদ, গোলাম মওলা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক জান্নাতুল নাঈম জুঁইসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংবর্ধনা শেষে চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া কবরস্থানে গিয়ে পিতা-মাতার কবর জিয়ারত করেন এমপি রুমা। এ সময় আত্মীয়-স্বজন, স্থানীয় মুসল্লি ও বিএনপি নেতৃবৃন্দ দোয়ায় অংশ নেন।
অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার প্রয়াত বিএনপি নেতা আক্কাস আলী মাস্টারের মেয়ে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি চতুর্থ। ছাত্রজীবনে তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।