কিশোরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

কিশোরগঞ্জ জেলা শহরে কিশোর গ্যাংয়ের বিস্তার, মাদকাসক্তি ও গভীর রাতের বেপরোয়া আড্ডা ঠেকাতে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে আটক করা হয় একাধিক কিশোর-তরুণকে। পরে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

 

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে শহরের অলিগলি, লেকপাড় ও নির্জন এলাকায় গভীর রাত পর্যন্ত কিশোর ও তরুণদের আড্ডা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এদের অনেকেই ধীরে ধীরে জড়িয়ে পড়ছে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে। বিশেষ করে নবম-দশম শ্রেণি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিপথগামিতা রোধেই এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে তল্লাশি চালানো হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিহিত কিংবা শিক্ষার্থী পরিচয়ধারী প্রায় ২০ বছর বয়সী তরুণদের জিজ্ঞাসাবাদ করা হয়। যৌক্তিক কারণ ছাড়া নির্জন স্থানে অবস্থানকারী কয়েকজনকে আটক করে সদর থানায় নেওয়া হয়।

 

তবে প্রাইভেট পড়া, চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজনে বাইরে থাকা ব্যক্তিদের অভিযানের আওতার বাইরে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

খবর পেয়ে রাতেই থানায় ছুটে আসেন আটক শিক্ষার্থীদের অভিভাবকরা। পরে রাত ১২টার দিকে কিশোরগঞ্জের পুলিশ সুপার সদর থানায় উপস্থিত হয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন,
“আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—তা খেয়াল রাখা পরিবারের দায়িত্ব। অসচেতনতার সুযোগে অনেক মেধাবী শিক্ষার্থী কিশোর গ্যাং ও মাদকের ভয়াল থাবায় জড়িয়ে পড়ছে।”

 

শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন,
“লেখাপড়া করে মানুষ হওয়া এবং মা-বাবার মুখ উজ্জ্বল করাই জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত।”

 

পরে আটক শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। ভবিষ্যতে সন্তানদের প্রতি আরও নজরদারি রাখার অঙ্গীকারের পর তাদের নিজ জিম্মায় নিয়ে যান অভিভাবকরা।

 

পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে একই ধরনের ঘটনায় কাউকে পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কিশোরগঞ্জ জেলা পুলিশের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা।

এলাকার খবর

সম্পর্কিত