রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রাকৃতিক দুর্যোগ ও শ্রমিক সংকটে বিপাকে পড়া এক কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকায় কৃষক আবুল খায়েরের পাকা ধান কেটে তা ঘরে তুলে দেন তারা।
জানা গেছে, কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া ও শ্রমিক সংকটের কারণে জমির পাকা বোরো ধান ঘরে তুলতে পারছিলেন না কৃষক আবুল খায়ের। এতে ধান নষ্ট হওয়ার শঙ্কায় ছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে নবগঠিত রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নির্দেশনায় বাঘাইছড়ি পৌর ছাত্রদলের উদ্যোগে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়ার কর্মসূচি পালন করা হয়।
বাঘাইছড়ি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত মোল্লার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক, সহসভাপতি নয়ন, ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য নাছির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফ, ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কৃষক আবুল খায়ের বলেন, “এবার আমার খেতে বোরো ধানের ভালো ফলন হয়েছে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় এবং শ্রমিক না পাওয়ায় ধান কাটতে পারছিলাম না। ছাত্রদলের নেতাকর্মীরা এসে আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছে। এতে আমি খুব খুশি।”
এ বিষয়ে শাহাদাত মোল্লা বলেন, “দুর্যোগের সময় কৃষকের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে ছাত্রদল মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”