কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে মো. মতিউর রহমান (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের বরবান্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মতিউর রহমান ডুবি গ্রামের মৃত মিছির উদ্দিনের ছেলে। বিকেল ৪টার দিকে তিনি বরবান্দ এলাকায় ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা জানান, কৃষিকাজই ছিল মতিউর রহমানের জীবিকার প্রধান অবলম্বন।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে নিহতের পরিবারের পাশে সরকার রয়েছে। সরকারি বিধান অনুযায়ী পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হবে।