শৃঙ্খলিত বাহিনী গঠনে আরআরএফ ঢাকার মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শৃঙ্খলা ও কর্মক্ষেত্রে দৃঢ় মনোবল বজায় রাখার লক্ষ্যে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), ঢাকার মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

 

গত বুধবার সকাল ৮টায় আরআরএফ-ঢাকার প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে এ বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন আরআরএফ-ঢাকার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) রুমানা আক্তার, পিপিএম-সেবা। এ সময় তিনি সদস্যদের সুশৃঙ্খল টার্নআউট, শারীরিক ফিটনেস ও পেশাদারিত্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

 

চমৎকার পারফরম্যান্স ও শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ নির্বাচিত কয়েকজন পুলিশ সদস্যকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করে পুরস্কৃত ও উৎসাহিত করেন কমান্ড্যান্ট।

 

প্যারেড শেষে উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে রুমানা আক্তার বলেন, যথাযথ ড্রেসরুলস মেনে দায়িত্ব পালন এবং প্রতিটি কাজে পেশাদারত্বের ছাপ রাখতে হবে। জনসাধারণের সঙ্গে মার্জিত আচরণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, নিয়মিত স্বাস্থ্যচর্চা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কর্মপরিবেশ সুশৃঙ্খল রাখার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

 

মাস্টার প্যারেডটি অধিনায়ক হিসেবে পরিচালনা করেন আরআই (পুলিশ লাইন্স) মোহাম্মদ শহিদুল ইসলাম।

প্যারেড শেষে কমান্ড্যান্ট আরআরএফ-ঢাকার এমটি সেকশন, ডি-স্টোর, সি-স্টোর, রেশন স্টোর, ফোর্সেস মেস, ব্যারাক ও বিভিন্ন অফিস কক্ষ পরিদর্শন করেন। 

 

এ সময় তিনি প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

এলাকার খবর

সম্পর্কিত