আমরা কেউ চাই না দেশে আবার কোনো গোলযোগ হোক: মির্জা ফখরুল

নওগাঁ (আত্রাই) প্রতিনিধি
 ছবি:
ছবি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নতুন সরকার গঠনের পর মানুষ পরিবর্তনের আশা নিয়ে আছে। তবে কেউ যাতে এই পরিবর্তনকে ভিন্ন খাতে প্রবাহিত করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জুলাইয়ে আমাদের সন্তানেরা সবাই মিলে যে লড়াইটা করেছে, আমরা সেটিকে ‘জুলাই যুদ্ধ’ বলি। সেই আন্দোলনের মধ্য দিয়েই পরিবর্তন এসেছে, নতুন সরকার এসেছে। কিন্তু এখনো অনেকে এই পরিবর্তনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।”

তিনি বলেন, “যারা অতীতে ফ্যাসিস্ট ছিল তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। অর্থনীতি লুটপাট করেছে, ব্যাংক ব্যবস্থা দুর্বল করেছে, প্রশাসনকে ক্ষতিগ্রস্ত করেছে। সেই অবস্থার বিরুদ্ধে লড়াই করেই আজকের পরিবর্তন এসেছে।”

তিনি আরও বলেন, “ছোটখাটো ইস্যু নিয়ে যেন কেউ অস্থিরতা সৃষ্টি না করে। আমরা কেউ চাই না দেশে আবার কোনো গোলযোগ হোক।”

রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে মন্ত্রী বলেন, কবিগুরু এখানে এসে কৃষকদের দুঃখ-কষ্ট দেখে কৃষি উন্নয়নে উদ্যোগ নিয়েছিলেন। সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি তাঁর কর্মমুখী চিন্তাও সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, “আমি কোনো পণ্ডিত নই, তবে সাহিত্য ভালোবাসি। যে মানুষ সাহিত্য চর্চা করে, সে মানুষ সাধারণত ভালো হয়।”

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

এলাকার খবর

সম্পর্কিত