ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, “হাসিনা যাবজ্জীবন সাজা দিছে আর আমার আল্লাহ আমারে মন্ত্রী বানাইছে। আমার আল্লাহ যা চান তাই হয়।”
শুক্রবার কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়ায় মসজিদুল কু’বা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৌদি আরব প্রবাসী মামুন সরকারের উদ্যোগে নির্মিত মসজিদটির উদ্বোধন শেষে ধর্মমন্ত্রী আরও বলেন, “গত একযুগে কেউ চিন্তা করছিলেন আমি আবার দেশে আসতে পারব, নির্বাচন করব, এমপি হব কিংবা মন্ত্রী হব? আমাকে নির্বাচন করতে না দিতে নানা মামলা দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ সব ষড়যন্ত্র শেষ করে দিয়েছেন। জনগণের ভোটে আমি এমপি হয়েছি, পরে তারেক রহমান সাহেব আমাকে মন্ত্রী বানিয়েছেন।”
তিনি বলেন, মাদক, জুয়া ও চাঁদাবাজি সমাজের বড় ব্যাধি। এসব অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
ধর্মমন্ত্রী বলেন, “প্রশাসন ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেককে আটক করেছে। এ অভিযান অব্যাহত থাকবে। যে দল বা মতেরই হোক, মাদককারবারী ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।”
এর আগে সকালে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ করেন তিনি। পরে বিকেলে উপজেলা পরিষদের সামনে ‘৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী।