শাপলা চত্বরের ঘটনায় শহীদদের স্মরণের মধ্য দিয়ে সরকার গণহত্যাকারীদের একটি বিশেষ বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, কোনো হত্যাকাণ্ডের বিচার কখনো তামাদি হয় না—শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়েই তা প্রমাণিত হয়েছে।
শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘শাপলা চত্বর গণহত্যার শহীদদের স্মরণ ও মূল্যায়ন সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে শাপলা স্মৃতি সংসদ।
তথ্যমন্ত্রী বলেন, “সবার গ্রহণযোগ্য লক্ষ্য অর্জনে এই জাতি সবসময় ঐক্যবদ্ধ থেকেছে। ভবিষ্যতেও এই ঐক্য ধরে রাখতে হবে। অপরাধ যে-ই করুক, তার বিরুদ্ধে সবাইকে এক থাকতে হবে।”
তিনি আরও বলেন, শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের উত্থাপিত দাবি তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন।
মন্ত্রী বলেন, ৫ আগস্টের ঐক্য, নবীর অবমাননার বিরুদ্ধে ঐক্য এবং শাপলা চত্বরের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে জাতীয় সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শাপলা চত্বরের ঘটনার বিচার ও স্বীকৃতি নিয়ে বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন।