মধ্যরাতে আকাশে আলোর ঝলকানি, ১৮ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ১টার মধ্যে দেশের ১৮ জেলার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ সময় আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে।

রোববার (১০ মে) আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সোমবারের (১১ মে) মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিকে আগামী ১৩ ও ১৪ মে থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা বলছেন, এ সময়ে অপ্রয়োজনে খোলা স্থানে অবস্থান না করা এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

এলাকার খবর

সম্পর্কিত